প্রচ্ছদ > বিনোদন >

আমি বিয়েটা করতে চাই না, কেন বলেছিলেন অর্চিতা স্পর্শিয়া

article-img

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। কিং খানের সঙ্গে ‘নবাব এলএলবি’সহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী।

এর মধ্যে বিয়ে করে দুই বছরের দাম্পত্য জীবন পার করে ফেলেছেন অর্চিতা স্পর্শিয়া। এবার একটু হাসি-ঠাট্টার মুডে পুরনো স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিয়ের আগের রাতেও তিনি নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না বলে জানান। বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম।’

এর আগে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অর্চিতা স্পর্শিয়া। কিন্তু গল্পটা যতটা রোমান্টিক শোনায়, তার আগের রাতটা ছিল বেশ নাটকীয়। অভিনেত্রীকে বিয়েতে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল তার স্বামীকে। নিতে হয়েছিল অনেক কৌশল বলে জানান অর্চিতা।

মুচকি হেসে স্পর্শিয়া বলেন, আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। ভয় পাচ্ছিলাম ভীষণ। এমনকি আগের রাতে নাওঈদকে বলেছিলাম—আমি বিয়েটা করতে চাই না।

হবু স্বামীর শান্ত কৌশলী আশ্বাসেই নাকি বদলে যায় পুরো দৃশ্যপট। নাওঈদ তাকে বলেন, বিয়ে না করলেও সমস্যা নেই। স্টেজে গিয়ে শুধু ছবি তুলবেন, আনন্দ করবেন। এ রকম ‘আশ্বাস’-এর ফলাফল? স্পর্শিয়া বলেন, আমি এখনো ওকে বলি— তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।

পরিবারও তখন পাশে ছিল। ভয় পেয়ে গেলে ‘কবুল’ না বললেও চলবে— এমন সাহস দিয়েছিলেন আপনজনরা। সেই মানসিক সমর্থনেই শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেন অর্চিতা স্পর্শিয়া। এখন অবশ্য সংসার জীবন নিয়ে বেশ সুখেই আছেন অভিনেত্রী।